ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) উপত্যকার বিভিন্ন স্থানে কয়েক দফা পরিচালিত এসব হামলায় এখন পর্যন্ত ২৮ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামলার মূল লক্ষ্য ছিল দক্ষিণ ও মধ্য গাজা। গাজা সিটির জেইতুন এলাকায় এক পরিবারের ওপর চালানো হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি শরণার্থী কেন্দ্র এবং গাজা সিটির শুজাইয়া এলাকাতেও বোমা বর্ষণ করা হয়।
ইসরায়েলি বাহিনীর দাবি, খান ইউনিসে আইডিএফ সদস্যদের ওপর গুলি চালানোর পর হামাসের আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত জায়গাগুলোকে লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তবে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে এই হামলার নিন্দা জানিয়েছে হামাস।
এর আগে মঙ্গলবার লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল–জাজিরার অনুসন্ধান অনুযায়ী, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।





